‘দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’—এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী ছাত্র সমাবেশ-২০২৬। এতে জেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন, কুইজ, চিত্রাঙ্কন, আবৃত্তি, বারোয়ারি বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৬ নভেম্বর ২০২৬, সোমবার সকাল সাড়ে ১০টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক), পটুয়াখালীর উদ্যোগে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, আবদুল করিম মৃধা কলেজ, হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রি কলেজ এবং মোহাম্মদ ইসহাক মডেল ডিগ্রি কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় সনাক সভাপতি অ্যাডভোকেট শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ রাশিদুল হাসান। স্বাগত বক্তব্য দেন দুর্নীতিবিরোধী ছাত্র সমাবেশ-২০২৬ আয়োজন কমিটির আহ্বায়ক মো. জাবিদুল হক খান।
সকাল ১১টায় টিআইবি, টিআই এবং তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে তথ্যবহুল উপস্থাপনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম। উপস্থাপনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরপর কবি শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতার ওপর আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়। দুপুর ১২টায় ‘গণতন্ত্রের বাংলাদেশ’ শীর্ষক বারোয়ারি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী সরকারি কলেজ ও পটুয়াখালী সরকারি মহিলা কলেজের দুটি বিতর্ক দলের অংশগ্রহণে ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মই প্রধান শক্তি’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পটুয়াখালী সরকারি কলেজ দল চ্যাম্পিয়ন এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজ দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এসিজি ও ইয়েস সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত ‘দুর্নীতিবিরোধী গম্ভীরা’। ব্যতিক্রমধর্মী এ পরিবেশনায় বিভিন্ন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে বিদ্যমান দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। এর মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে প্রতিবাদী ভূমিকা পালনে উদ্বুদ্ধ করা হয়।
সমাপনী পর্বের সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দুর্নীতি দেখলে নীরব থাকা যাবে না; এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশকে দুর্নীতিমুক্ত করার দায়িত্ব আমাদের সবার। এ জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি তথ্য অধিকার আইন সম্পর্কে জানা এবং এর যথাযথ চর্চা বাড়ানো জরুরি।
বক্তারা আরও বলেন, তথ্য অধিকার আইন নাগরিকের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তথ্য জানা এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সনাক সদস্য রাধেশ্যাম দেবনাথ, মোহাম্মদ ইসহাক মডেল ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মো. নেছার উদ্দিন, শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি এস এম ফরিদ উদ্দিন, বিতর্ক সংগঠক মুশফিকুর রহমান তুহিন, সোনামণি এবং ইয়েস দলনেতা শামীম আকন।
এ সময় অংশগ্রহণকারী কলেজগুলোর শিক্ষক-শিক্ষার্থী, সনাক, ইয়েস ও এসিজির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য মো. শাকিব ও অলিমা আক্তার।
পটুয়াখালী জেলা প্রতিনিধি: 











