পটুয়াখালীর গলাচিপায় কৃষকদের অংশগ্রহণে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। নতুন ধানের ঘ্রাণ, পিঠাপুলির স্বাদ, গ্রামীণ খেলাধুলা, নাচ-গান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। হারিয়ে যেতে বসা বাংলার হাজার বছরের কৃষিভিত্তিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং কৃষকদের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন জোরদার করার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বাংলা ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দায় মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের উঠানে সারা বাংলা কৃষক সোসাইটির (এসবিকেএস) উদ্যোগে এ নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়।
এতে মুগডাল, বাদাম, তরমুজসহ বিভিন্ন ফসল উৎপাদনকারী ১০টি কৃষক সমবায় সমিতির প্রায় ২০০ জন কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেন। উৎসবকে ঘিরে সকাল থেকেই কৃষক-কৃষাণিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নতুন পোশাকে সজ্জিত হয়ে সংগঠনের সদস্য ও স্থানীয় কৃষকেরা নবান্ন উৎসবের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। পরে আলোচনা সভা, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা এগিয়ে যায়।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবারের সমাহার। এ উপলক্ষে সাতটি স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন ধরনের পিঠা, মিষ্টান্ন, কৃষিপণ্য ও স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যসামগ্রী। এসব স্টলে স্থান পায় নকশি পিঠা, পুলি পিঠা, নাড়ু, ভাপা পিঠা, মলিদা, খই, মুড়ি, চালভাজা, পায়েস, নারকেল ও বাদামসহ নানা ঐতিহ্যবাহী খাবার। পাশাপাশি স্থানীয় কৃষকদের উৎপাদিত মুগডাল, নারকেল, বাদামসহ বিভিন্ন কৃষিপণ্যও প্রদর্শন করা হয়।
শুধু খাবারের আয়োজনেই সীমাবদ্ধ ছিল না উৎসব। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আয়োজন করা হয় গ্রামবাংলার চিরচেনা নানা খেলাধুলার। হাঁড়িভাঙা খেলা, মোরগ লড়াই, বল পাস ও বেলুন ফোটানোসহ বিভিন্ন প্রতিযোগিতা উৎসবে বাড়তি আনন্দ যোগ করে। এসব আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে গ্রামীণ সংস্কৃতি ও হারিয়ে যেতে বসা খেলাধুলার পরিচিতি তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রাম্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সদস্য অঞ্জলি বৈদ্য, আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী এসএম রঞ্জু, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মাঠ সহায়ক মোবিনা সুলতানা তন্বী, এফবিএফ প্রতিনিধি রেহেনা বেগম, কাচারীকান্দা মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মানসুরা বেগম, সারা বাংলা কৃষক সোসাইটির ব্যবসা সহায়ক আবদুল মন্নান এবং দক্ষিণ দুমকি গাভি পালন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।
বক্তারা বলেন, নবান্ন উৎসব কেবল নতুন ফসল ঘরে তোলার আনন্দ উদ্যাপন নয়; এটি বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। একসময় অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে উঠলে গ্রামবাংলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এ আনন্দে শামিল হতেন। নতুন চালের পিঠাপুলি, পায়েস ও নানা মুখরোচক খাবারের আয়োজনের পাশাপাশি চলত গান, নাচ, খেলাধুলা ও সামাজিক মিলনমেলা।
তাঁরা আরও বলেন, আধুনিকতার প্রভাবে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অনেক আয়োজন আজ হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের একটি বড় অংশ ক্রমেই নিজস্ব শেকড় ও গ্রামীণ সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। একই সঙ্গে তরুণদের একটি অংশ বিভিন্ন সামাজিক অবক্ষয়ের ঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতিতে নবান্ন উৎসবের মতো সুস্থ সাংস্কৃতিক আয়োজন বাড়ানো গেলে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা তৈরি করা সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, কৃষক শুধু ফসল উৎপাদন করেন না, তাঁরা দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। অথচ উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, কৃষকের আর্থিক নিরাপত্তা এবং টেকসই কৃষিব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে। কৃষকদের সংগঠিত করা, তাঁদের অধিকার ও স্বার্থ রক্ষা এবং নীতিনির্ধারণী পর্যায়ে কৃষকের মতামত তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
উল্লেখ্য, ২০১৩-২০১৪ সালের দিকে প্রতিষ্ঠিত সারা বাংলা কৃষক সোসাইটি (এসবিকেএস) ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সংগঠিত করে তাঁদের আর্থসামাজিক উন্নয়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে কৃষকের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করে যাচ্ছে। বরিশাল ও রংপুরে আঞ্চলিক কার্যালয়সহ দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত রয়েছে। কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষিভিত্তিক সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে সংগঠনটি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের অংশগ্রহণে নবান্ন উৎসবের আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রাম্মা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি নবান্ন উৎসবকে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া এবং বাংলার প্রাচীন কৃষিভিত্তিক ঐতিহ্য সংরক্ষণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
দিনব্যাপী এ উৎসব কৃষক-কৃষাণিদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা নবান্ন উৎসবের ইতিহাস ও ঐতিহ্য নতুন করে পরিচিতি পাবে। একই সঙ্গে কৃষকের মর্যাদা প্রতিষ্ঠা এবং কৃষিভিত্তিক লোকজ সংস্কৃতির পুনর্জাগরণেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উৎসবের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: 












