নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত ‘বেকম্যান’স ফোর্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ’-এ বাংলা ভাষায় তাৎক্ষণিক বক্তৃতা (ইম্প্রম্পটু স্পিচ) বিভাগে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেছেন শাহরিয়ার রিফাত। তিনি বর্তমানে সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তিনি পটুয়াখালী সদর উপজেলাধীন ছোটবিঘাই ইউনিয়ন এর কুমারখালী আমিনিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও হাজী মোক্তার আলী মৃধা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
আন্তর্জাতিক পরিসরের এই ভাষাভিত্তিক প্রতিযোগিতায় বাংলা ভাষায় তাঁর এ অর্জন ভাষার প্রতি অনুরাগ, তাৎক্ষণিক চিন্তাভাবনা এবং বক্তব্য উপস্থাপনের দক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় নির্ধারিত বিষয়ের ওপর অল্প সময়ের প্রস্তুতিতে সাবলীলভাবে বক্তব্য উপস্থাপন করতে হয়। এ ক্ষেত্রে ভাষার শুদ্ধতা, চিন্তার গভীরতা, যুক্তি উপস্থাপন এবং বাচনভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শাহরিয়ার রিফাতের চ্যাম্পিয়ন হওয়ার অর্জন বাংলা ভাষায় দক্ষতা চর্চায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়।
এ প্রতিযোগীতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST), বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (BUT), ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (UGV), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB) এবং আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব ববি হাজ্জাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
ভাষা, যোগাযোগদক্ষতা ও মেধা বিকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 











