পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা কর্মসূচির কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহি ও সেবার মানোন্নয়নে সামাজিক নিরীক্ষাবিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্ন্যান্স অ্যান্ড ইনিশিয়েটিভস ইন কমিউনিটিজ (নাগরিক) প্রকল্পের আওতায় প্রকল্পের গ্রুপ নেতা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে এ সংলাপের আয়োজন করা হয়।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এবং আমরা পারি—পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে অর্থায়ন করে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন।
ইটবাড়িয়া ইউনিয়নে এসডিএর প্রকল্প কর্মকর্তা সৈয়দা তাজবীন জাহানের সঞ্চালনায় এবং পটুয়াখালী সদর উপজেলা নাগরিক ফোরামের সভাপতি শ. ম. লেয়াওর হোসেন দিলীপের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খালেদা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা (রেজিস্টার) মো. মাহবুবুর রহমান, বদরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বাবুল আক্তার, ইটবাড়িয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, এসডিএর প্রোগ্রাম ম্যানেজার সৈকত মজুমদার সৌরভ, মনিটরিং কর্মকর্তা আশিকা মেহজাবিন, নাগরিক ফোরামের সভাপতি মো. আব্দুল খালেক, এনজিও প্রতিনিধি মাহফুজা ইসলাম ও সাবরিনা শাহনাজসহ অন্যরা।
সংলাপে নাগরিক প্রকল্পের আওতায় পরিচালিত বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা কর্মসূচির কার্যক্রমের সামাজিক নিরীক্ষাবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক ফোরামের ইটবাড়িয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নুসরাত জাহান নূপুর।
এ সময় ভাতাভোগীদের সেবা প্রাপ্তির অভিজ্ঞতা, ভাতা কার্যক্রমের বাস্তব চিত্র, সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং সংশ্লিষ্ট কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সংলাপে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সামাজিক নিরীক্ষায় অংশগ্রহণকারী, সুশীল সমাজের প্রতিনিধি, নারী, যুবক-যুবতী, শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যক্রম আরও স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
পটুয়াখালী প্রতিনিধি: 











