খুলনার তেরখাদা উপজেলায় মাফিক সরদার নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি শরীরের তিন স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন।
আহত মাফিক সরদার উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মোকামপুর বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন মাফিক সরদার। পথে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার বাম হাত, বাম পা ও কোমরের বাম পাশে গুলি লেগেছে বলে জানা গেছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়।
তেরখাদা থানার ওসি (তদন্ত) কবির আহমেদ জানান, দুর্বৃত্তরা আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান করছিল। মাফিক সরদার সেখানে পৌঁছালে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে তিনি তিন স্থানে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
আল-মাহফুজ শাওন, খুলনা: 











