০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ২ হাজার ২২৪ জন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী।

ওসি জানান, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে যুবলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।

এক পর্যায়ে তাঁরা জনসাধারণের চলাচলের সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বহনকারী সরকারি গাড়ির পথরোধ করে সেটি ঘিরে ফেলেন। গোপালগঞ্জ পুলিশ লাইনস থেকে আসা পুলিশ সদস্যদের বহনকারী গাড়িটিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। লাঠিসোঁটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে এর সব কটি কাচ ভেঙে ফেলা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বারবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার অনুরোধ জানায়। তবে সেই অনুরোধ উপেক্ষা করে তাঁরা ভাঙচুর ও মারমুখী আচরণ অব্যাহত রাখেন। এক পর্যায়ে পুলিশের গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গাড়িটির আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

এ সময় গাড়ির চালক কনস্টেবল মো. আল-আমিনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। পরে তাঁকে সড়কে ফেলে রাখা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। এরপরও হামলাকারীরা ছত্রভঙ্গ না হয়ে আক্রমণ অব্যাহত রাখলে সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষা এবং আত্মরক্ষার্থে ১০ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিয়ার শেল এবং ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ফাঁকা নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে আহত পুলিশ সদস্যদের মধ্যে গাড়িচালক কনস্টেবল আল-আমিনসহ অন্যদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরবর্তী সময়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় সড়ক অবরোধ করেন। তাঁরা সরকারি কাজে বাধা প্রদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালান।

এ ছাড়া বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার চেষ্টা, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, ষড়যন্ত্র এবং মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগও আনা হয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।