মেধাকে দেশ ও জাতির উন্নয়ন এবং মানবকল্যাণে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. হেমায়েত জাহান।
তিনি বলেন, গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় টিকে থাকতে জিন প্রকৌশল, ডেটা সায়েন্স, বায়োটেকনোলজি, জেনেটিক্স, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। জীবনে সফল হতে শিক্ষার্থীদের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। অস্পষ্ট লক্ষ্য নিয়ে কাঙ্ক্ষিত ফল অর্জন করা কখনোই সম্ভব নয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলো বন্ধুসভা, পটুয়াখালীর আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পবিপ্রবি ভিসি আরও বলেন, মেধাবী না হলেও একজন সৎ মানুষের মূল্য অনেক বেশি। মেধার বিকাশে বর্তমান সরকার শিক্ষা খাতে বিগত দিনের তুলনায় বেশি বরাদ্দ দিয়ে শিক্ষা বিস্তার ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করেছে।
বন্ধুসভা পটুয়াখালীর সভাপতি মরিয়ম আক্তার মুক্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ কাওসার ইবু ও সহসভাপতি সুস্মিতা মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিনিধি বিলাস দাস। এ সময় মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের পাঠানো লিখিত বক্তব্যও পাঠ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. জিয়াউল করিম, একেএম কলেজের সাবেক সহকারী অধ্যাপক অশোক কুমার দাস এবং প্রথম আলো বরিশালের প্রতিনিধি এম জসিম উদ্দিন।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন মেধাবী শিক্ষার্থী মো. মুবিন রহমান, মো. শাহরিয়ার আহম্মেদ, আমেনা নওশেন, নুসরাত জাহান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নাবিল।
এ ছাড়া অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেধাবী শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
জালাল আহমেদ: 










