পটুয়াখালীর গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে কিছু সামুদ্রিক পোয়া মাছও জব্দ করা হয়। পরে জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার উলানিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
পুলিশ ও উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উলানিয়া বাজারের একটি মাছের আড়তের সামনে বিক্রির উদ্দেশ্যে টমটমে করে জাটকা পরিবহন করা হচ্ছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে টমটমে থাকা প্রায় ১২০ কেজি জাটকা ইলিশ ও কিছু সামুদ্রিক পোয়া মাছ জব্দ করে। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।
গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, “নিষেধাজ্ঞা চলাকালে জাটকা ইলিশ পরিবহনের কারণে মাছগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দ করা মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।”
নিষেধাজ্ঞার সময়ে জাটকা আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধ রাখতে উপজেলা মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: 











