পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার ৪ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ি সংলগ্ন একটি দোতলা টিনশেড ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরটিতে বসবাসকারী চারটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে কাতারপ্রবাসী এক ব্যক্তির চারতলা ভবনের পাশে অবস্থিত এনামুল হকের দোতলা টিনশেড ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই টিনশেড ঘরে চারটি পরিবার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। বিকেলের দিকে হঠাৎ ঘরটিতে আগুন জ্বলে উঠলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যাওয়ায় ঘরের ভেতর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা। পরনের এক কাপড়েই কোনোমতে প্রাণ বাঁচিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় আগুন আশপাশের বহুতল ভবন ও অন্যান্য বসতঘরে ছড়িয়ে পড়তে পারেনি।
আগুনে চারটি পরিবারের আসবাবপত্র, পোশাক, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় সবকিছু পুড়ে গেছে। এতে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
জনবহুল আবাসিক এলাকায় আকস্মিক এ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট প্রশাসন অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।
সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত চারটি পরিবার সরকারি-বেসরকারি সহায়তার আবেদন জানিয়েছে।
মু. হেলাল আহমেদ রিপন, পটুয়াখালী: 










