পটুয়াখালীর দশমিনায় ফুটবল খেলার সময় মো. আনজুমান (১৩) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে দশমিনা ইউনিয়নের সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ সড়কসংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আনজুমান দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের মো. আরিফুর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আনজুমান আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল। সোমবার বিকেলে আবদুর রশিদ তালুকদার কলেজ সড়কসংলগ্ন মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় সহপাঠীরা তার মাকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে তাকে পানি পান করান এবং মাথায় পানি দেন। পরে তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনজুমানের সহপাঠী সাইদ বলেন, “আনজুমান ও আমি একই শ্রেণিতে পড়াশোনা করি। তার অ্যাজমার সমস্যা ছিল। আজ বিকেলে কলেজের পাশের একটি মাঠে আমরা ফুটবল খেলছিলাম। হঠাৎ সে অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়ে। আমি তার মাকে ফোন করে খবর দিলে তিনি এসে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।”
নিহত আনজুমানের বাবা মো. আরিফুর রহমান বলেন, “আমি দশমিনা ব্র্যাক অফিসে চাকরি করি। সে কারণে দশমিনা উপজেলার সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় থাকি। আমার ছেলে শারীরিকভাবে অসুস্থ ছিল। আজ বিকেলে ফুটবল খেলার সময় সে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাকে দশমিনা হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক পরীক্ষা করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
তিনি আরও জানান, “আনজুমানের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।”
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: 










