পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সিকদার পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার দলুগাজীর মোড় মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মো. আতিকুল ইসলাম (৩২) পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা এলাকার বাসিন্দা। তিনি মাওলানা আশরাফ হাওলাদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি ডিলারের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আতিক সকালে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে আউলিয়াপুর যাওয়ার সময় দলুগাজীর মোড় এলাকায় বিপরীত দিক থেকে কুয়াকাটা থেকে আসা সিকদার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন আতিক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “দলুগাজীর মোড় এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
জালাল আহমেদ: 








