পটুয়াখালীর গলাচিপায় বজ্রাঘাতে তপন শিকারী (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাছারিকান্দা গ্রামে।
২রা সেপ্টেম্বর বুধবার বেলা আনুমানিক ১টায় উপজেলার রতনদী তালতলি ইউনিয়নের কাছারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তপন শিকারী ওই গ্রামের অনিল শিকারীর ছেলে।
স্থানীয় সূত্রে ও ইউপি সদস্য মো. মিজান দেওয়ান বলেন, “সকালে নিজ ক্ষেতে ধানের বীজের কাজ করছিলেন তপন । এ সময় হঠাৎ ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গলাচিপা হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।”
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “রতনদী তালতলি ইউনিয়নের কাছারীকান্দা এলাকায় বজ্রপাতে আহত এক কৃষকের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।”
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: 






