ডাকসু’র ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, “ডাকসুর নির্বাচনে আমরা নির্বাচিত হয়ে মাত্র ১১ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উন্নয়ন করেছি, তা ১০৫ বছরে হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এখন নিরাপদে সুন্দর পরিবেশে আছে।”
তিনি শুক্রবার দুপুর ১২ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক শিবির নেতা আব্দুল্লাহ আন নাহিয়ান এর সভাপতিত্বে ও সদস্য তানভীরের উপস্থাপনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, “মেধাবীদের সম্মান ও তাদের উচ্চশিক্ষায় যথাযথভাবে ব্যবস্থা ৫৫ বছেরে কোন এমপি, মন্ত্রী করেনি।” পটুয়াখালীতে আব্দুল্লাহ আন নাহিয়ান শত শত মেধাবী শিক্ষার্থীকে একজায়গায় এনে সুন্দর পরিবেশে সংবর্ধনার আয়োজন করায় তাকে ধন্যবাদ জানিয়ে ভিপি আবু সাদিক কায়েম মেধাবীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আগামীতে লেখাপড়ায় আরো ভাল করে মা- বাবার স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত পড়াশোনা করবে এবং মা বাবাকে এবং বড়দের সম্মান করবে এবং আগামীতে সুন্দর দেশ গড়বে।” এ সময় তিনি ৫ম, ৮ম শ্রনীতে জিপিএ ৫ প্রাপ্ত পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও খাতা-কলমসহ স্কুলব্যাগ তুলে দেন।
এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান, ডাকসু’র ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক এবিএম জুবায়ের, আইন ও মানবাধিকার সম্পাদক মো. সাখাওয়াত জাকারিয়া।
আরো আলোচনা করেন এ্যাড. মুনতসসির মুজাহিদ, শরফুদ্দিন আহমেদ, কর্ণেল (অবঃ) মো. জাকারিয়া হোসেন, মিজানুর মিঠু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমন্বয়ক মিরাজ ইমতিয়াজ, জান্নাতিন নাঈম জীবা ও ইমরান হোসেন প্রমুখ।
একই স্থানে বিকেলে এসএসসি ও দাখিলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম সাত শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ব্যাগ উপহার তুলে দেন।
জালাল আহমেদ: 











