প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় পটুয়াখালী লঞ্চঘাট সংলগ্ন স্বনির্ভর রোড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজল বরণ দাস, চেম্বার অব কমার্সের পরিচালক ও সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে স্নেহাংশু সরকার কুট্টি বলেন, “পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে জেলা বিএনপির উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। বৃক্ষ আমাদের জলবায়ুর নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করে বড় করে তুলতে হবে।”
সভাপতির বক্তব্যে মো. কামাল হোসেন বলেন, “পরিবেশ রক্ষার পাশাপাশি নারিকেল বাগান প্রকল্পের মাধ্যমে পতিত ও অনাবাদি জায়গাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চেম্বার অব কমার্স ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে।”
জালাল আহমেদ: 











