পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর আবু বক্কর মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার রণগোপালদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি বীজতলার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু বক্কর মৃধা ওই এলাকার স্থায়ী বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে এক কৃষক বীজতলায় কাজ করতে গিয়ে সেখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি আবু বক্কর মৃধার বলে শনাক্ত করেন।
খবর পেয়ে দশমিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মোঃ রাকিবুজ্জামান, দশমিনা, পটুয়াখালী: 











