ডেবিট অথবা ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করা ঝুঁকিপূর্ণ বলে সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৪ মে) রাত্রে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেইজে দেয়া এক বার্তায় বলা হয়েছে, “সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট বা ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন প্রদান করছে। এই প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সিভিভিসহ সংবেদনশীল তথ্য ওই প্রতিষ্ঠানের কাছে শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।” এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডেবিট বা ক্রেডিট কার্ড মেটালে রূপান্তরে যেসব ঝুঁকি রয়েছে সেগুলো জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেগুলো হচ্ছে: (ক) কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে জালিয়াতির আশঙ্কা, (খ) অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার সম্ভাবনা, (গ) গ্রাহকের আর্থিক ক্ষতি ও তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া, (ঘ) সামগ্রিক কার্ড ব্যবস্থাপনায় ঝুঁকি বৃদ্ধি পাওয়া।
অননুমোদিত এসব প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে কার্ড সংক্রান্ত তথ্য প্রদানসহ প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরকরণ থেকে সকল গ্রাহককে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়েছে।
কোনোভাবেই ওটিপি (OTP) অথবা কার্ডের কোনো গোপন তথ্য শেয়ার করবেন না এবং যেকোনো সন্দেহজনক কার্যক্রম পরিলক্ষিত হলে দ্রুত আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 












