জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবাংলা এলাকায় সরকারি খাস জমি দখল, চাষাবাদে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির সদস্যরা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পটুয়াখালী প্রেসক্লাবে সমিতির সভাপতি মো. সেরাজ খান এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, তারা দীর্ঘ ৩০–৩৫ বছর ধরে সরকারি কৃষি খাস জমিতে বৈধ ডিসিআর নিয়ে চাষাবাদ করে আসছেন। কিন্তু সম্প্রতি স্থানীয় ভূমিদস্যুরা জমিতে চাষে বাধা সৃষ্টি করে ফসল কেটে নেওয়া, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় গলাচিপা থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে এবং আসামিদের বিরুদ্ধে সমন জারি হয়। পরে ১৫ জন আসামি আদালতে মুচলেকায় মুক্তি হয়।
অভিযোগে আরো বলা হয়, চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাকের বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন হাওলাদারসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই ভূমি দখলচেষ্টার সঙ্গে জড়িত। তারা কৃষকদের চাষাবাদ বন্ধ করে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে, ফলে কৃষক পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির কাছে জমি দখল রোধ ও কৃষকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ভুক্তভোগী কৃষকরা।
এবিষয়ে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস জানান, তিনি বা তার কোন লোক চর দখলে অংশ নেয়নি। এছাড়া কিছু লোক সামাজিকভাবে হেনস্থা করার জন্যই তার নাম বলে বেড়াচ্ছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মজিবর হাওলাদার, সদস্য ফারুক মীর, জালাল তালুকদার ও নাসির তালুকদার উপস্থিত ছিলেন।
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ 














