জাতীয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে অসাধারণ সাফল্য অর্জন করে পটুয়াখালীর মুখ উজ্জ্বল করেছেন প্রবীণ সাংবাদিক ও দৈনিক আমার কাগজ-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি কাইয়ুম উদ্দীন জুয়েলের কন্যা নূর-ঈ-জান্নাত নূর। বাংলাদেশ পুলিশে কর্মরত এই কৃতী ক্রীড়াবিদ জাতীয় পর্যায়ের কারাতে ও তায়কোয়ন্দো প্রতিযোগিতায় অংশ নিয়ে দুটি ইভেন্টেই স্বর্ণপদক জয় করেছেন। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জোড়া স্বর্ণপদক অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন তিনি। তাঁর এ সাফল্যে পরিবার-পরিজন, পটুয়াখালীর সাংবাদিক সমাজ ও স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ন্দো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ প্রতিযোগিতায় নিজ ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর হয়ে অংশগ্রহণ করেন নূর-ঈ-জান্নাত নূর। প্রতিযোগিতার কারাতে বিভাগে ৫৫ কেজি ওজন শ্রেণিতে এবং তায়কোয়ন্দো বিভাগে ৫৭ কেজি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় ইভেন্টেই প্রথম স্থান অর্জন করেন তিনি। তাঁর নিখুঁত কৌশল, দক্ষতা ও দৃঢ় মনোবলের স্বীকৃতিস্বরূপ অর্জিত হয় এই জোড়া স্বর্ণপদক।

গত শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএমের হাত থেকে স্বর্ণপদক, সনদপত্র ও প্রাইজমানি গ্রহণ করেন নূর-ঈ-জান্নাত নূর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ন্দো ও উশু ক্লাবের সভাপতি এবং অতিরিক্ত আইজিপি (গ্রেড-১, ফিন্যান্স) মো. আকরাম হোসেন। গত ৮ নভেম্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।

উল্লেখ্য, নূর-ঈ-জান্নাত নূরের জাতীয় পর্যায়ে পদক জয়ের ধারাবাহিকতা নতুন নয়। এর আগে গত ১৯ জুলাই ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ বাংলাদেশ পুলিশের হয়ে ৫৫ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করেন তিনি।

এ ছাড়া সম্প্রতি ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘১০ম জাতীয় সিতোরিও কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ অসুস্থতা নিয়েও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৫৫ কেজি ওজন শ্রেণিতে রৌপ্যপদক জয় করেন এই কৃতী খেলোয়াড়। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁর প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং পদক অর্জন ক্রীড়াঙ্গনে তাঁর নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের পরিচয় বহন করে।

কারাতে ও তায়কোয়ন্দোর মতো প্রতিযোগিতামূলক খেলায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে নিজের দক্ষতা ও সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছেন নূর-ঈ-জান্নাত নূর। তাঁর এই অর্জন কেবল পরিবারের জন্য নয়, বরং পটুয়াখালী জেলার ক্রীড়াঙ্গন ও সাংবাদিক সমাজের জন্যও গর্বের বিষয়।

তাঁর সাফল্যে পটুয়াখালীর সাংবাদিক সমাজ, শুভাকাঙ্ক্ষী ও সচেতন মহল অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশের জন্য আরও সম্মান ও গৌরব বয়ে আনবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁরা।