বরিশালে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ শ্রী সুজন সরকার (নামে এক ব্যক্তিকে) গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৭ নভেম্বর) বিএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল কোতোয়ালি মডেল থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী দপদপিয়া টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ‘মা স্টিল ফার্নিচার’-এর সামনে পাকা সড়কের ওপর থেকে ৩ কেজি গাঁজাসহ সুজন সরকারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুজন সরকার বরগুনা সদর থানাধীন ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রোডপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের শ্রী নিরঞ্জন সরকার ও সুমিত্রা রানীর ছেলে।
বিএমপি মিডিয়া সেল আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।