রাজনৈতিক বিরোধ বা অন্য কোনো কারণে বিদ্যুৎ অবকাঠামো, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এমনকি জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কাও রয়েছে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের প্রতি এ সতর্কবার্তা ও অনুরোধ জানানো হয়।

ওজোপাডিকোর ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলমত নির্বিশেষে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের প্রতি অনুরোধ—রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে যেন কোনোভাবেই হামলা বা বাধার লক্ষ্যবস্তু করা না হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এ কারণে বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে ওজোপাডিকো গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, গত ১৯ নভেম্বর প্রায় ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি তাঁর কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় কার্যালয়ের একটি কাচ ভাঙার ঘটনা ঘটে এবং সেখানে শেখ মুজিবুর রহমানের একটি ছবি টানানো হয় বলে তিনি জানান।

তিনি বলেন, ওই ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাইরে গিয়ে দায়িত্ব পালন নিয়ে আতঙ্ক কাজ করছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও জরুরি কাজ করা প্রয়োজন। কিন্তু নিরাপত্তাহীনতার কারণে কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালনে বাধার মুখে পড়লে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, বিদ্যুৎ বিভাগের গাড়ি, কর্মকর্তা-কর্মচারী কিংবা মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী জনবলের ওপর ভবিষ্যতে কোনো ধরনের হামলা বা বাধা সৃষ্টি হলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। গ্রাহকদের সচেতন করা এবং বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তাটি প্রকাশ করা হয়েছে।

এদিকে, গোপালগঞ্জের সচেতন মহল মনে করছে, বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় জনসেবা। রাজনৈতিক মতপার্থক্য কিংবা ব্যক্তিগত বিরোধের কারণে এ খাতের স্থাপনা ও জনবলের নিরাপত্তা বিঘ্নিত হওয়া উচিত নয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট স্থাপনা, কর্মকর্তা-কর্মচারী ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

সংশ্লিষ্টদের মতে, জনস্বার্থে বিদ্যুৎ অবকাঠামো সুরক্ষায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, প্রশাসন এবং সাধারণ জনগণের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।