গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র-গোলাবারুদ লুটের অভিযোগে ৮ হাজার ২৬ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ২৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও প্রায় ৮ হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে তাৎক্ষণিকভাবে মামলার বিষয়টি প্রকাশ্যে আসেনি। পরে ২৬ নভেম্বর বিকেলে বিষয়টি জানাজানি হলে মামলার তদন্ত কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার এসআই মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় প্রধান আসামি ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তৌফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামচুল হক এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এজাহারে পুলিশের অভিযোগ, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর ও গুরুতর জখম করার অভিযোগ করা হয়েছে। এক পর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এ ছাড়া থানার সরকারি যানবাহন, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং ব্যাপক ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলার সময় থানার অস্ত্রাগার থেকে একটি এলএমজি, রাইফেল, শটগান, গ্যাসগান, পিস্তল ও সাবমেশিনগানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ লুট করা হয়। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা উল্লেখ করা হয়েছে এজাহারে।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।