দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে পটুয়াখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা জামায়াতের উদ্যোগে শহরের ঝাউতলা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নাজমুল আহসান। সঞ্চালনা করেন অ্যাডভোকেট আবু সাঈদ।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়ছারি, জেলা নায়েবে আমির মো. মোশাররেফ হোসেন এবং জামায়াতের ঘোষিত মেয়র প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আন নাহিয়ান।
বক্তারা তাঁদের বক্তব্যে আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। একই সঙ্গে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের প্রস্তাবিত জাতীয় ঐক্যের উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশ শেষে ঝাউতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়ছারি।
কর্মসূচিতে পটুয়াখালী জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জামায়াতের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।