মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের খবর এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার দাবিতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৪ দশমিক ৭১ ডলারে পৌঁছেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ মাইনে আঘাতপ্রাপ্ত হওয়ার খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে এসব ঘটনার বিস্তারিত বিবরণ ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইরান ও ওমানের মধ্যবর্তী এই সংকীর্ণ নৌপথ দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি রপ্তানির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এ পথে জাহাজ চলাচল দীর্ঘ সময় ব্যাহত হলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
হরমুজ প্রণালিতে অস্থিতিশীলতা দীর্ঘায়িত হলে বাংলাদেশেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে দেশের জ্বালানি আমদানি ব্যয়, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন এবং পণ্য উৎপাদন খরচ বেড়ে যেতে পারে। এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদা নিনির্ভর এশীয় দেশগুলোর জন্য পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠতে পারে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে এর প্রভাব মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে বৈশ্বিক অর্থনীতিতে ছড়িয়ে পড়তে পারে। তাই বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সামরিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ এখন অত্যন্ত জরুরি।
সব মিলিয়ে হরমুজ প্রণালির পরিস্থিতি এখন বিশ্ব জ্বালানি বাজারের জন্য বড় উদ্বেগের বিষয়। আগামী দিনগুলোতে জাহাজ চলাচল, তেলের দাম এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করবে বিশ্ব অর্থনীতির পরবর্তী গতিপথ।