পটুয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পটুয়াখালী সরকারি কলেজ জামে মসজিদসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পটুয়াখালী সরকারি কলেজ জামে মসজিদের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফারুক গাজী (৪৩), পিতা মৃত জয়নাল গাজী, মাতা ফাতেমা বেগম এবং মিরাজ বয়াতী (২৮), পিতা সেলিম বয়াতী, মাতা হেলেনা বেগম। তারা দুজনই পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টাউন জৈনকাঠি এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।