আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর সদর উপজেলার মৌকরনে শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্ট প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে মৌকরন ইউনিয়নের মৌকরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ওমেন’স ল্যান্ড রাইট নেটওয়ার্ক’-এর আয়োজনে এবং জাগরণী মহিলা ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাগরণী মহিলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোসা. কোহিনুর রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শামীমুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌকরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চন্দ্র দেবনাথ, বিদ্যালয়ের সভাপতি মো. মিজানুর রহমান এবং শিক্ষিকা মোসা. সাম্মি আক্তার উর্মি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে নারীদের সচেতনতা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার বাস্তবায়ন এবং নির্যাতনমুক্ত সমাজ গঠনে নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের সৃজনশীল আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আর্ট প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নারী অধিকার, নিরাপত্তা ও নির্যাতন প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিজেদের সৃজনশীলতার মাধ্যমে তুলে ধরার সুযোগ পায়। এ ধরনের উদ্যোগ নারী অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।