নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইউনিয়ন বিএনপি। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি বাগআঁচড়া বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চারতলা জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাস্টার জামাল উদ্দীন এবং সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, বাগআঁচড়া এলাকায় কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ও বন্দর কেন্দ্রিক স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচি থেকে বাগআঁচড়া এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।