যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত দিয়ে সন্দেহজনক চলাচল ও চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একই সঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
রোববার (২২ নভেম্বর) রাত থেকে বেনাপোলসহ যশোরের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনের যাতায়াতের আশঙ্কাকে কেন্দ্র করে এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টসহ সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় যাতে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ, অবৈধ পারাপার প্রতিরোধ এবং চোরাচালান নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি অব্যাহত রয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন বিজিবি অধিনায়ক।
তিনি বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানাতে হবে। স্থানীয় জনগণের সঙ্গে তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে।
বেনাপোল সীমান্ত বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সীমান্ত এলাকা। তাই সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ পারাপার প্রতিরোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবির এ সতর্কতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সীমান্তের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা, টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।