ভোলার লালমোহনে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক এজাহারনামীয় অভিযুক্ত মোঃ আজগরকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। গত ২২ নভেম্বর বিকেলে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকালে ভোলার লালমোহন থানাধীন কালমা ইউনিয়নের চরলক্ষী এলাকায় এ ধর্ষণের অভিযোগের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই দিন একা পেয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন মোঃ আজগর। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে লালমোহন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত মোঃ আজগর পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তারে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮, বরিশালের অধিনায়কের নির্দেশনায় ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় ২২ নভেম্বর ২০২৬ তারিখ বিকেলে ভোলার বোরহানউদ্দিন থানাধীন মনিরাম বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় অভিযুক্ত মোঃ আজগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।
গ্রেপ্তারের পর অভিযুক্ত মোঃ আজগরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে।