যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়ীয়া বি.কে.এস. মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে বিদ্যালয়টিতে একটি ডিজিটাল ক্লাসরুম মনিটর প্রদান করা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে এ মনিটর উপহার দিয়েছেন সহকারী অধ্যাপক এস এম তৌফিক। তাঁর এ উদ্যোগকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আধুনিকায়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
রোববার (২২ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ক্লাসরুম মনিটরটি হস্তান্তর করা হয়।
সহকারী অধ্যাপক এস এম তৌফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমপিএইচএম, ডিপিএস অনুষদের সিনিয়র অডিওলজিস্ট (শ্রবণ বিশেষজ্ঞ)। পাশাপাশি তিনি ঢাকা ও এয়ারস সিডনি-এর হিয়ারিং অ্যান্ড স্পিচ সল্যুশন ক্লিনিক পিটিই লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনিটর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসাদুল আলম, প্রধান শিক্ষক এরশাদ আলী, এস এম তৌফিকের পিতা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজউদ্দীন আহমদ, শিক্ষক হাবিবুর রহমান, ওসমান গনি প্রমুখ।
এ বিষয়ে সহকারী অধ্যাপক এস এম তৌফিক বলেন, “শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ুক আধুনিক শিক্ষার আলো—এই বিশ্বাস থেকেই শিক্ষার্থীদের জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস। আমি চাই, গ্রামীণ জনপদের শিক্ষার্থীরাও আধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণ করে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলুক, বড় স্বপ্ন দেখুক এবং ভালো মানুষ হয়ে দেশ ও মানুষের সেবায় এগিয়ে আসুক।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসাদুল আলম বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে এমন একটি সময়োপযোগী উপহার প্রদান করায় আমরা কৃতজ্ঞ। নতুন এ ডিজিটাল মনিটর শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি আধুনিক শিক্ষায় এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।
তিনি আরও বলেন, ডিজিটাল মনিটর যুক্ত হওয়ায় শ্রেণিকক্ষে পাঠদান আরও সহজ, আকর্ষণীয় ও প্রাণবন্ত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং পাঠের বিষয়গুলো আরও সহজে বুঝতে পারবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ব্যক্তিগত উদ্যোগ ও প্রযুক্তিগত সহযোগিতা শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচিত করে তুলতে এ উদ্যোগ অনুপ্রেরণা জোগাবে।