পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে মির্জাগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ১ নম্বর গেটের সামনে পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকার ৪ নম্বর দেওলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বশির উদ্দিন (৩৫) এবং দক্ষিণ আমড়াগাছি এলাকার বাসিন্দা ইব্রাহিম খলিল রিপন (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় মির্জাগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে জেলা পুলিশের নির্দেশনায় থানা পুলিশ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।