পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে তা কমিয়ে সহনীয় পর্যায়ে নির্ধারণের দাবি জানিয়েছেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান। একই সঙ্গে খেয়াঘাট দখল, চাঁদাবাজি এবং সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তারের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক দুটি পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন শিপলু খান। পোস্ট দুটিতে তিনি খেয়াঘাটের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সাধারণ মানুষের ভোগান্তি নিরসন এবং সরকারি সম্পদ দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

একটি পোস্টে গলাচিপা, গাজীপুর, কাজল ও আলিপুর খেয়াঘাটের ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানান তিনি। তাঁর প্রস্তাব অনুযায়ী, গলাচিপা খেয়াঘাটে জনপ্রতি ভাড়া ৫ টাকা, গাজীপুর খেয়াঘাটে ২ টাকা এবং আলিপুর খেয়াঘাটে ৫ টাকা নির্ধারণ করা উচিত। অন্যদিকে কাজল খেয়াঘাটে সর্বোচ্চ ৩০ টাকা ভাড়া নির্ধারণের প্রস্তাব দেন তিনি।

শিপলু খানের অভিযোগ, বর্তমানে এসব খেয়াঘাটের কয়েকটিতে নির্ধারিত বা প্রচলিত ভাড়ার তুলনায় বেশি টাকা আদায় করা হচ্ছে। কোথাও ১০ টাকা, আবার কোথাও ৬০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ছে উল্লেখ করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা এবং প্রয়োজনীয় প্রতিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।

অন্য একটি পোস্টে খেয়াঘাট দখল, চাঁদাবাজি ও সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তারের রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন শিপলু খান। তিনি বলেন, বিএনপির কোনো নেতা-কর্মী যেন খেয়াঘাট কিংবা সরকারি কোনো সম্পদ দখল না করেন। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন জনগণের অধিকার ক্ষুণ্ন করতে বা ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারেন, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

পোস্টে তিনি আরও লেখেন, ‘দলীয় পরিচয়ের আড়ালে কেউ যেন জনগণের অধিকার ও নিজের হীনস্বার্থ উদ্ধার না করেন। রাজনীতি হোক মানুষের কল্যাণে, দখলদারত্বের জন্য নয়। জনগণের স্বার্থই হবে সবার আগে।’

আইনের ঊর্ধ্বে কেউ নয়, দলীয় পরিচয়ও নয়—এমন অবস্থান তুলে ধরে শিপলু খান বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রতিকার চাওয়া হবে।

স্থানীয় জনসাধারণের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম এসব খেয়াঘাটে ভাড়া আদায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মনীতি নিশ্চিত করার পাশাপাশি দখল ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্যে খেয়াঘাট পরিচালনায় জনস্বার্থকে প্রাধান্য দেওয়া এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।