বরিশালের উজিরপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ মোঃ রিয়াজ হাওলাদার (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪০ গ্রাম গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ের মাধ্যমে অর্জিত নগদ ৫৯ হাজার ৯১০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
এসআরবি-৮ সূত্রে জানা গেছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই ধারাবাহিকতায় বরিশালের উজিরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করে ব্যাটালিয়নটি।
ঘটনার বিবরণে জানা যায়, ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে এসআরবি-৮, বরিশালের সদর কোম্পানির একটি টহল দল উজিরপুর থানাধীন ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দলটি জানতে পারে, উজিরপুর থানার মাহার এলাকায় মিনহাজ হাওলাদারের বাড়িতে রিয়াজের বসতঘরে এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এসআরবি-৮-এর আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ রিয়াজ হাওলাদার (২৩) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। তিনি উজিরপুর থানার মাহার গ্রামের মৃত শাহাজ উদ্দিন হাওলাদার-এর ছেলে।
পরে ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত রিয়াজ হাওলাদারের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪০ গ্রাম গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ের মাধ্যমে অর্জিত নগদ ৫৯ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে এসব আলামত জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থসহ গ্রেফতার ব্যক্তিকে এসআরবি-৮-এর হেফাজতে নেওয়া হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়।
এসআরবি-৮, বরিশাল কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাদের মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমন কার্যক্রম অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মাদকের বিরুদ্ধে এসআরবি-৮, বরিশালের এই অভিযানকে অপরাধ দমনে চলমান কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।