টানা দুই দিনের বৃষ্টির প্রভাবে গোপালগঞ্জের সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের নিত্যদিনের বাজার খরচ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে বাড়তি চাপ।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ শহরের বড় বাজারের সবজি মার্কেট ঘুরে দেখা যায়, কয়েক দিনের ব্যবধানে অধিকাংশ সবজির দাম বেড়েছে। বাজারে ক্রেতাদের উপস্থিতি থাকলেও বাড়তি দামের কারণে অনেকেই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সবজি কিনছেন।

বাজারে প্রতি কেজি উচ্ছে ৬০ টাকার পরিবর্তে ১০০ টাকা, ফুলকপি ৬০ টাকার পরিবর্তে ৮০ টাকা, বাঁধাকপি ৫০ টাকার পরিবর্তে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকার পরিবর্তে ৮০ টাকা, পেঁপে ২৫ টাকার পরিবর্তে ৪০ টাকা, বেগুন ৮০ টাকার পরিবর্তে ১২০ টাকা, শসা ৩০ টাকার পরিবর্তে ৫০ টাকা, কাঁচামরিচ ৭০ টাকার পরিবর্তে ১০০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকার পরিবর্তে ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকার পরিবর্তে ৬০ টাকা এবং মুখিকচু ৫০ টাকার পরিবর্তে ৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

এ ছাড়া কাঁচকলা প্রতিহালি ৩০ টাকার পরিবর্তে ৫০ টাকা, লেবু প্রতিহালি ৩০ টাকার পরিবর্তে ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট আকারের একটি লাউ ৩০ টাকার পরিবর্তে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা শহরের গেটপাড়া এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, “সবজির ভরা মৌসুমে সাধারণত দাম কম থাকার কথা। দিন যত যাবে, সবজির দাম তত কমবে—এটাই স্বাভাবিক। কিন্তু গোপালগঞ্জের বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। বৃহস্পতিবার বাজার বন্ধ ছিল। এর সঙ্গে টানা দুই দিনের বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে। ফলে প্রকারভেদে প্রতি কেজি সবজির দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এমন মূল্যবৃদ্ধি আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য অস্বাভাবিক ও কষ্টকর।”

শহরের বেদগ্রাম এলাকার আরেক ক্রেতা তরিকুল ইসলাম বলেন, “গ্যাসের দাম, চালের দামসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এমনিতেই বাজার করতে গেলে পকেটে টান পড়ছে। সবজির দাম কিছুটা নাগালের মধ্যে ছিল। কিন্তু হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় নির্ধারিত বাজেটের মধ্যে প্রয়োজনীয় সবজি কেনা কঠিন হয়ে পড়েছে। তাই বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

দাম বৃদ্ধির কারণ সম্পর্কে সবজি বিক্রেতা আল-আমিন ইসলাম বলেন, “গত বৃহস্পতিবার গোপালগঞ্জের বাজার বন্ধ ছিল। শুক্রবার টানা বৃষ্টির কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়ে। শনিবার বৃষ্টি কিছুটা কমলেও সকালে আড়তে পর্যাপ্ত সবজি আসেনি। ফলে বেশি দামে আড়ত থেকে সবজি কিনতে হয়েছে। এ কারণে আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। সরবরাহ কম থাকায় অনেক ব্যবসায়ী চাহিদা অনুযায়ী সবজি কিনতে পারেননি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে ক্রেতার সংখ্যা বাড়লেও পর্যাপ্ত সবজি সরবরাহ করতে পারছি না।”

নাম প্রকাশ না করার শর্তে একাধিক আড়তদার জানান, বৃষ্টির কারণে মোকাম থেকে সবজির সরবরাহ কম ছিল। ফলে ট্রাকে করে তুলনামূলক কম পরিমাণ সবজি গোপালগঞ্জে আনা হয়েছে। এতে পরিবহন ব্যয়ও বেড়েছে। সরবরাহ সংকট ও বাড়তি পরিবহন খরচের কারণে পাইকারি বাজারে সবজির দাম বেড়েছে। তবে আগামী এক থেকে দুই দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসতে পারে বলে আশা করছেন তাঁরা।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, “সবজির বাজার পরিস্থিতি আমরা তদারকি করছি। একই সঙ্গে বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

সংশ্লিষ্টদের মতে, বৃষ্টির কারণে সাময়িকভাবে সবজির সরবরাহ কমে যাওয়ায় বাজারে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। তবে পরিস্থিতি দীর্ঘায়িত হলে সাধারণ ভোক্তাদের দুর্ভোগ আরও বাড়তে পারে। তাই বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা, মূল্যতালিকা পর্যবেক্ষণ এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি প্রয়োজন।