শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে পটুয়াখালীতে শিশুদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় উৎসবের আনন্দঘন পরিবেশে শিশুদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পটুয়াখালী শহরের নতুন বাজার পাষাণময়ী কালীমাতা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি নৃত্য, আরতি, শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা নিজেদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট কাজল বরণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন অ্যাডভোকেট শুভ্রত শীল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। এ সময় আরও বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় কুমার খাসকেল, পুলিশ ফাঁড়ির পরিদর্শক অনিমেষ হালদার, আয়োজন কমিটির আহ্বায়ক সমীর কর্মকার ও সদস্য বাদল হালদার।

বক্তারা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজনটি আনন্দঘন হয়ে ওঠে।