কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পটুয়াখালীতে রাতভর উত্তেজনা, ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর, সড়কে টায়ারে আগুন এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে রাতের এসব ঘটনার পরও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলায় লকডাউনের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। স্বাভাবিক রয়েছে যান চলাচল ও জনজীবন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার পর জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া বাসস্ট্যান্ডে ইউনিক পরিবহনের কাউন্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আদিল (২৫) ও নিপু হাওলাদার (২০) নামে দুই যুবককে স্থানীয়রা আটক করেন। পরে তাঁদের মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানা গেছে।

একই সময়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় ককটেল বিস্ফোরণ ও একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া একই মহাসড়কের বসাক বাজার এলাকায় এবং মির্জাগঞ্জ উপজেলার বরগুনা-বরিশাল সড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, রাত ১০টার দিকে পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরবর্তী সময়ে শ্রমিক লীগ নেতা খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার এবং সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের বাসায় হামলার খবর পাওয়া যায়।

এদিকে, এসব বিচ্ছিন্ন ঘটনার পরও বৃহস্পতিবার সকাল থেকে পটুয়াখালী শহর ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন সড়কে সাধারণ মানুষের উপস্থিতিও দেখা গেছে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল অব্যাহত রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

তবে এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ, অগ্নিসংযোগ ও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।