ঝালকাঠির নলছিটিতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সরদার রঙ্গলাল হালদারসহ আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার ডুবিল এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নুরুল ইসলামের বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে।

একপর্যায়ে বাধা দেওয়ায় ডাকাতরা নুরুল ইসলাম ও তাঁর স্ত্রীকে দেশীয় ধারালো অস্ত্র এবং শাবল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে পরিবারের সদস্যদের স্বর্ণালংকার, মোবাইল ফোন, টর্চলাইটসহ আনুমানিক ৯ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে পালিয়ে যায়। আহত স্বামী-স্ত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ১৮ নভেম্বর ২০২৬ তারিখে ঝালকাঠির নলছিটি থানায় মামলা নং-২৬, পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআরবি-৮, বরিশালের অধিনায়কের কাছে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে অধিযাচনপত্র পাঠান।

এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮, বরিশাল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল জানতে পারে, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নবগ্রামে ডাকাতিকালে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে ঝালকাঠি জেলায় আশ্রয় নিয়েছে।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে ১৮ নভেম্বর ভোরে ঝালকাঠি সদর থানাধীন মুতালরী ব্রিজ এলাকায় অভিযান চালায় এসআরবি-৮-এর একটি আভিযানিক দল। এ সময় ডাকাত দলের সরদার রঙ্গলাল হালদারসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদরা গ্রামের রঙ্গলাল হালদার, ঝালকাঠি সদর উপজেলার বংকুরা গ্রামের জমিল হাওলাদার, ছারছীনা দরবার শরিফ এলাকার ফাহিম, বরিশাল সদর উপজেলার সাগরদী গ্রামের স্বপন শীল, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামের রাজ্জাক বেপারী, ঝালকাঠি সদর উপজেলার শীরযুগ গ্রামের কামরুল মীর ও বারুহার গ্রামের রাজ্জাক মৃধা এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঝুনিয়া তেলিখালী গ্রামের ছগির আলী।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি লোহার শাবল, একটি রামদা, একটি ছেনি, একটি ডেগার, একটি চাপাতি, একটি অ্যাডজাস্টেবল রেঞ্চ ও পাঁচটি টর্চলাইট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠির নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।