গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে এস এম জিলানির পৈতৃক বাড়িতে যান। একপর্যায়ে মিছিলকারীরা বাড়িতে চড়াও হলে আতঙ্কে বাড়ির বাসিন্দারা ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। পরে বাড়িটিতে আগুন দেওয়া হয়।

এদিকে, সড়কে ব্যারিকেড থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারছিল না বলে জানা গেছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গ্রামবাসী আশপাশের জলাশয় থেকে পানি সংগ্রহ করে নিজেরাই চেষ্টা চালান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত সোয়া ১০টা পর্যন্ত এমপি জিলানির পৈতৃক বাড়িতে আগুন জ্বলছিল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইস্কান্দার শেখ বলেন, “টুঙ্গিপাড়া থানা ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানির পাটগাতীর বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছি। তবে আন্দোলনের কারণে আমরা স্টেশন থেকে বের হতে পারছিলাম না।”

তিনি আরও বলেন, স্থানীয় কিছু লোক আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে তিনি নতুন দায়িত্বে যোগ দেওয়ায় ঘটনাস্থলের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে তখনই নিশ্চিত করে কিছু বলতে পারেননি।