পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে অবস্থিত জেলার অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লাউকাঠি আছমত আলী খান কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পটুয়াখালীর কৃতী সন্তান গাজী জসিম উদ্দিন।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে। নতুন এডহক কমিটিতে সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে মনোনীত হয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. নুরেজ্জামান খান।
এ ছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত হয়েছেন পীযুষ পাল এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে স্থানীয় প্রশাসন কর্তৃক মনোনীত হয়েছেন মোসা. রিনা বেগম।
কলেজ সূত্রে জানা গেছে, এডহক কমিটির মনোনয়নপত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে।
এ বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. নুরেজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে নতুন এডহক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।