বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত উচ্চফলনশীল ও হাইব্রিড ধানের জাত সম্প্রসারণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জসহ তিন জেলায় বিনামূল্যে ১১ টন বীজ ধান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গোপালগঞ্জে ব্রির আঞ্চলিক কার্যালয় চত্বরে পার্টনার প্রকল্পের আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক ড. মো. মামুনুর রহমান।

ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবিএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. হুমায়ুন কবির বক্তিয়ার, সায়েন্টিফিক অফিসার শাহরিয়ার কবির এবং গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. লোকমান হাকিম।

আলোচনা সভা শেষে অতিথিরা উপস্থিত কৃষক-কৃষাণীদের হাতে বিনামূল্যে বীজ ধান তুলে দেন।

অনুষ্ঠানে ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এবিএম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের নতুন নতুন জাত গোপালগঞ্জ, বাগেরহাট ও নড়াইল জেলার কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছে ব্রির গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়।

তিনি জানান, পার্টনার প্রকল্পের আওতায় এ তিন জেলায় মোট ১১ টন বীজ ধান বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ১০ টন ব্রি ধান-১০৮ জাতের এবং ১ টন ব্রি হাইব্রিড ধান-৩, ব্রি হাইব্রিড ধান-৫ ও ব্রি হাইব্রিড ধান-৮ জাতের বীজ রয়েছে।

তিনি আরও বলেন, এসব উন্নত জাতের ধান চাষের মাধ্যমে কৃষকরা অধিক ফলন পেতে পারবেন। এতে ধানের সামগ্রিক উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।

কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ ধান ছড়িয়ে দেওয়া এবং আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।