গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার সার্বিক নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিশেষ এই নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে বাহিনীটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ শহরের বেদগ্রামে অবস্থিত আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনি।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশবাসীর পাশে থেকে দায়িত্ব পালন করেছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলায় অশান্তি সৃষ্টিকারীদের অপতৎপরতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়নের ৮ প্লাটুন সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, মঙ্গলবার থেকে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আনসার সদস্যরা জেলার সার্বিক নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করবেন।

আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে উপমহাপরিচালক বলেন, নিরাপত্তা-সংশ্লিষ্ট কোনো তথ্য বা সংবাদ পাওয়া গেলে তা দ্রুত আনসার কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হচ্ছে। এতে বাহিনীর কার্যক্রম আরও সফল, গতিশীল ও কার্যকর করা সম্ভব হবে।

সাধারণ মানুষের শান্তি, নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ বিশেষ নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।