‘মানুষের সাথে, মানবতার সাথে’—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে ৪০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিভিন্ন জাতের সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ করেছে হাশেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থা। ‘আঙিনায় সবজি চাষ’ প্রকল্পের আওতায় ২০২৬ সালে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের প্রান্তিক কৃষক-কৃষাণীদের সবজি চাষে উৎসাহিত করা এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) হাজিখালী ডিজিটাল স্মার্ট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং বোতলবুনিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হাশেম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার সহ-সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক শ.ম. দেলোয়ার হোসেন দিলীপ, সহকারী মৎস্য কর্মকর্তা মো. কবির হোসেন, ইউনিয়ন কৃষি সুপারভাইজার মিসেস সানিয়া আক্তার, শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম, হাজিখালী ডিজিটাল স্মার্ট স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম তালুকদার, সংস্থার সাবেক সম্পাদক নুর হোসেন প্যাদা ও কোষাধ্যক্ষ মারুফা মনি।

এ সময় উপকারভোগী কৃষক-কৃষাণীদের পক্ষে বক্তব্য দেন আবু বকর সিদ্দিক, আব্দুল মজিদ ফকির, হারুন হাওলাদার ও মাহমুদা বেগম। তাঁরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষিকাজে এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদারবুনিয়া ইউনিয়নের ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর প্রত্যেককে সাত প্রকারের সবজি বীজ এবং বীজের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়। প্রধান অতিথি মো. আবুল হাশেমসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।

আয়োজকরা জানান, বাড়ির আঙিনা ও আশপাশের অব্যবহৃত জায়গায় সবজি চাষের মাধ্যমে প্রান্তিক পরিবারগুলোর পুষ্টির চাহিদা পূরণ, পারিবারিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং কৃষকদের স্বাবলম্বী করে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংস্থার স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।