শীতের তীব্রতা বাড়ার আগেই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে ২৫০টি কম্বল হস্তান্তর করেছে সংস্থাটি। জেলা প্রশাসনের মাধ্যমে জেলার প্রকৃত শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হবে।

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের হাতে আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো তুলে দেন আশা’র জেলা ও সদর উপজেলা পর্যায়ের কর্মকর্তারা। শীত মৌসুমে অসচ্ছল মানুষের শীত নিবারণে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার লিটন চন্দ্র বিশ্বাস, পটুয়াখালী সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার এম. এ. মন্নান, সিনিয়র ম্যানেজার (এসএমএসই) ইলিয়াছ কাঞ্চন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ছগির আহম্মেদ, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সিরাজুল ইসলাম, সিনিয়র এবিএম মাইনদ্দিনসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।

এ সময় আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার লিটন চন্দ্র বিশ্বাস বলেন, শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে প্রতিবছরের মতো এবারও আশা দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে পটুয়াখালীতে ২৫০টি কম্বল জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের কাছে এসব কম্বল পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে আশা বিভিন্ন সময়ে মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোও এসব কার্যক্রমের অন্যতম অংশ।

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগও বাড়ে। বিশেষ করে গ্রামীণ জনপদের অসহায় পরিবারগুলোর কাছে শীতবস্ত্রের সংকট বড় ধরনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে আশার এই উদ্যোগ শীতার্ত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।