গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশ। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা এড়াতে জেলার নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী জেলাগুলোর গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানান।
লকডাউন কিংবা বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, গোপালগঞ্জের পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী জেলাগুলোর গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টের মাধ্যমে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি রাখা হচ্ছে। অন্য জেলা থেকে কেউ এসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতে পুলিশ সতর্ক রয়েছে। গোপালগঞ্জের সাধারণ মানুষকে নিরাপদ রাখতে জেলা পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত ও তৎপর রয়েছে। আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করে বলেন, ওই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়নি; বরং প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে গোপালগঞ্জ থেকে ফেনী জেলায় বদলি করা হয়েছে। পুলিশের বদলি একটি স্বাভাবিক ও নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ ব্রিফিংয়ে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।