সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুন্দরবনকেন্দ্রিক জলদস্যুদের তৎপরতা বন্ধ, মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ এবং কৃষি, মৎস্য ও কাঁকড়া খাতের উন্নয়নসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাওসার আজিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাওসার আজিজ মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এসব সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাতক্ষীরার ঐতিহ্যবাহী ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সুন্দরবনকেন্দ্রিক জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলেসহ সাধারণ মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় এবং এসব অপরাধের কারণে উপকূলীয় জনপদের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। বক্তারা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় জলদস্যুতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ ছাড়া শ্যামনগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে স্থানীয় কৃষি, মৎস্য ও কাঁকড়া খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও মতামত তুলে ধরেন উপস্থিত ব্যক্তিরা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলেমান কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার মণ্ডল, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আশিকুর রহমান এবং বন কর্মকর্তা শাহীনুর ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিহাদ আলী, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সিডিওর নির্বাহী পরিচালক ইমরান হোসেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য রাকিবুল্লাহ সোহাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় শ্যামনগরের সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।