গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসভবন, দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

স্থানীয় সূত্র ও বিএনপি নেতাদের অভিযোগ অনুযায়ী, রোববার দুপুর ২টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলের পর পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি-সমর্থিত ব্যক্তিদের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এরপর বিকেল সাড়ে ৩টার দিকে একটি মিছিল থেকে পাটগাতী বাজারে অবস্থিত যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে। বিকেল ৪টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে আগুন দেওয়া হয়। বিকেল ৫টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে বিএনপি-সমর্থক মাহমুদ বিশ্বাসের একটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

এদিকে রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতী বাজার এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ উঠেছে। একই সময়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাড়িতে ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। পরে রাত ৯টার দিকে পাটগাতী এলাকায় গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনার বিষয়ে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এ দেশে সবার রাজনীতি করার অধিকার রয়েছে। আমরা বিএনপি করি বলেই আমাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”

উল্লেখ্য, এর আগের দিন শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বর্ণি বাজারে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতারা। একই দিন রাতে কুশলী ইউনিয়নের বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “রোববার দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।”

ঘটনাগুলোর বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক তদন্ত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।