গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আহত এসআই মোসলেম আলী টুঙ্গিপাড়া থানায় কর্মরত। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী সাংবাদিকদের জানান, সন্ধ্যায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একটি মিছিল বের করা হয়। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী এসআই মোসলেম আলী ওই এলাকায় হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরও জানান, কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে যোগ দেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি, অগ্নিসংযোগ এবং পুলিশের সরকারি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশের অভিযোগ, একপর্যায়ে বিক্ষোভকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে গাড়ির বিভিন্ন অংশ ও কাচ ভাঙচুর করেন। পরে গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সরকারি সম্পদ ও পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার শেল এবং তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

মামলার বাদী পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত করছে।