গোপালগঞ্জের মুকসুদপুরে ককটেল বিস্ফোরণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা করেছেন উপজেলা বিএনপির এক নেতা। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানায় মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। তিনি উপজেলার টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে বাদী আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় মুকসুদপুর সরকারি কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি পালনের উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যান। পরে বাদীও তাদের অনুসরণ করে ওই এলাকায় যান। এ সময় পুলিশের আরেকটি টহল দল ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় শনিবার দুপুরে মুকসুদপুর থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়। এতে ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অবরোধ কর্মসূচি পালনের নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”