গ্রামীণ সমাজের উন্নয়ন, শিক্ষা বিস্তার ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে পটুয়াখালীতে বেসরকারি উন্নয়ন সংস্থা হাসেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থার সদ্য অনুমোদিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আবুল হাসেম। সভা পরিচালনা করেন সংস্থার প্রচার সম্পাদক ও বোতলবুনিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সিরাজ।
সভায় সংস্থার চলমান কার্যক্রম আরও বেগবান করা, সাংগঠনিক কার্যক্রমের পরিধি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংস্থার কার্যক্রমকে আরও জনমুখী ও কার্যকর করতে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন সহ-সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোসা. মারুফা মনি, দপ্তর সম্পাদক মো. রাশিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. ফখরুল ইসলাম এবং সদস্য ইসরাত জাহান খুশী ও মো. আতাউল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খোন্দকার আব্দুল হাই এবং হাজীখালী ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত হাসেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থা (নিবন্ধন নম্বর: সসেঅদ পটুয়া-৬৪০/২০১৮) প্রতিষ্ঠার পর থেকে হাজীখালী এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
বিশেষ করে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, খাতা, কলম, স্কেল, কাঠপেনসিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করে আসছে সংস্থাটি। পাশাপাশি কৃষকদের কম্পোস্ট সার উৎপাদনের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমেও কৃষি ও পরিবেশবান্ধব কার্যক্রমে ভূমিকা রাখছে।
শিক্ষা, পরিবেশ ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এসব উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে সংস্থাটি সুনাম অর্জন করেছে। নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভার মধ্য দিয়ে আগামী দিনে এসব কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।