পটুয়াখালীতে জ্বালানি তেলবাহী ট্যাংকলরি ও মালামালবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৩০) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপে থাকা স্বামী-স্ত্রী হারুন মোল্লা (৪৫) ও তাঁর স্ত্রী মরিয়ম (৪০) আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের দিকে পটুয়াখালী সেতুর উত্তর পাশে খলিশাখালী পাওয়ার প্ল্যান্টসংলগ্ন সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঘরের মালামাল নিয়ে পটুয়াখালীর উদ্দেশে আসছিল ঢাকা মেট্রো-ন-২০-৪৬৬১ নম্বরের একটি পিকআপ ভ্যান। পিকআপটি পটুয়াখালী সেতুর উত্তর পাশে খলিশাখালী পাওয়ার প্ল্যান্টসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-১৩-১৭৭৬ নম্বরের একটি জ্বালানি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালকসহ তিনজন হতাহত হন।

দুর্ঘটনায় পিকআপচালক মো. চান মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ২০ মিনিটের দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনায় পিকআপে থাকা হারুন মোল্লা ও তাঁর স্ত্রী মরিয়ম আহত হন। সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে তাঁদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর এলাকার বাহের মৌজ গ্রামের মো. আজাহার গাজীর ছেলে। আহত হারুন মোল্লা গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের ইউনূছ মোল্লার ছেলে। তাঁর স্ত্রী মরিয়মও একই এলাকার বাসিন্দা।

এ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা যাবে।