পটুয়াখালীর বাউফলে ৬৫ বছর বয়সী জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদারের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। এ ঘটনায় আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনায় জড়িত সন্দেহে শনাক্ত অপর এক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় বাউফল থানা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার।

সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক তদন্ত অনুযায়ী, গত ৬ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই ইউনিয়নের বাসিন্দা সাহিদা বেগমের বসতঘরে রুহুল আমিনকে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিশুরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পোনাহুড়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী সাহিদা বেগম (৪৮) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য পোনাহুড়া গ্রামের ইসমাইলের ছেলে আবুল বাশার হোসেন (৪০)। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শনাক্ত অপর ব্যক্তি হলেন মো. সোহেল (৩৬)। তিনি উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠি (সিকদার বাড়ি) এলাকার মৃত মো. মোস্তফা সিকদারের ছেলে।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া ১ নম্বর ওয়ার্ডের একটি মৎস্যঘরের ভেতরে মরদেহের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিচ্ছিন্ন হাত ও দুই পায়ের অংশ উদ্ধার করে।

ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করে বাউফল থানা-পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে সাহিদা বেগম ও আবুল বাশার হোসেনকে গ্রেপ্তার করা হয়। অপর সন্দেহভাজন সোহেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে রুহুল আমিনকে হত্যা করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুহুল আমিন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজখবর নিয়েও তাঁর সন্ধান পাননি। এক পর্যায়ে তাঁরা কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া এলাকার বাসিন্দা সাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তাঁর কথাবার্তায় অসংগতি লক্ষ করেন বলে দাবি করেন স্বজনেরা। পরবর্তী সময়ে সাহিদা আত্মগোপনে চলে যান বলে অভিযোগ রয়েছে।

পুলিশের কাছে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রুহুল আমিনের সঙ্গে সাহিদা বেগমের দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। সাহিদার অভিযোগ, তাঁর ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমিন তাঁর কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছিলেন। পরে দেড় লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ অব্যাহত ছিল। এ ছাড়া ব্যক্তিগত সম্পর্ক ও ব্ল্যাকমেইল সংক্রান্ত অভিযোগ নিয়েও তাঁদের মধ্যে বিরোধের কথা তদন্তে উঠে এসেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রুহুল আমিনকে হত্যার জন্য সাহিদা বেগম আবুল বাশার হোসেনের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে। এর মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, পরিকল্পনা অনুযায়ী গত ৬ নভেম্বর রুহুল আমিনকে সাহিদা বেগমের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁকে ঘুমের ওষুধ মেশানো পানীয় পান করানোর পর আবুল বাশার ও তাঁর সহযোগী সোহেল গিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উঠে এসেছে। পরে মরদেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে পৃথক স্থানে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, গ্রেপ্তার হওয়া নারী আসামির স্বীকারোক্তি অনুযায়ী, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধের জেরে তিনজন মিলে এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ সংগ্রহে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।